বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)।

- Advertisement -

আগামী ৯ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা নির্বাচন করে অনলাইনে ইলেকট্রনিক ফরম (ইএফএফ) পূরণ করতে হবে।

ফরম পূরণের পর সোনালী ব্যাংকের ‘সোনালী সেবা’র মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রিন্ট করার সুযোগ পাওয়া যাবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীর ফি গ্রহণ করা হবে না।

পরীক্ষার ফি কত

সাপ্লিমেন্টারি পরীক্ষায় প্রতি পত্র বা বিষয়ের তত্ত্বীয় পরীক্ষার ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার ফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি দিতে হবে ৪৫০ টাকা।

পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সম্ভাব্য কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ২০২৫ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী।

সর্বশেষ

এই বিভাগের আরও