বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের প্রতি আহ্বান চসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

- Advertisement -

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে রোগী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও ডেঙ্গু প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রিজভী আরও বলেন, সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু সংক্রমণ বাড়লেও নভেম্বর মাসে বৃষ্টিপাত কমে আসায় সংক্রমণ ধীরে ধীরে কমার আশা করা হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের সতর্কতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের আহ্বান প্রশাসকের

কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রথমেই জানতে হবে এডিস মশা কোথায় বংশবিস্তার করে। ফুলের টব, বালতি, বোতল, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের কাপ, ছাদের পানি জমার স্থান, নির্মাণাধীন ভবন এবং ফ্রিজ ও এয়ারকন্ডিশনারের নিচে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে।

তাই কোথাও পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত জমে থাকা পানি পরিষ্কার করতে হবে এবং বিশেষ করে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ডেঙ্গু সেন্টারে আগের তুলনায় রোগীর সংখ্যা কমেছে। বৃষ্টিপাত ও জমে থাকা পানির সঙ্গে ডেঙ্গু সংক্রমণের সরাসরি সম্পর্ক রয়েছে। বৃষ্টির পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বাড়ে।

ডা. শাহাদাত হোসেন বলেন, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল ও অন্যান্য পাত্রে পানি জমতে না দিয়ে দ্রুত পরিষ্কার করতে হবে। নগরী পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই পদ্ধতি ও বিনামূল্যে পরীক্ষা

চসিক প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশন উচ্চপ্রযুক্তির বিটিআই (BTI) পদ্ধতি ব্যবহার করছে, যা এডিস মশার লার্ভা ধ্বংসে কার্যকর।

পাশাপাশি নগরীর ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু থেকেই সিটি করপোরেশনের ডেঙ্গু সেন্টারে এনএস১ অ্যান্টিজেন ও সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীদের জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করা হয়েছে।

কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সর্বশেষ

এই বিভাগের আরও