বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

জেট ফুয়েল এখন লিটারে ১৮৯ টাকা ৩ পয়সা, কমল শুধু আন্তর্জাতিক ফ্লাইটে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে। টানা কয়েক মাস কমানোর পর গত চার মাস ধরে এর দাম বাড়ছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম কমেছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। গত বছরের মে মাস থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে সংস্থাটি।

বিইআরসির নতুন দর অনুযায়ী, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮৯ টাকা ৩ পয়সা। এত দিন এটি ছিল ১৮২ টাকা ৭১ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।

গত মাসে দেশের ভেতরের ফ্লাইটের জন্য প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছিল ১৭ টাকা ৬ পয়সা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এর দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। যুদ্ধ শুরুর পর গত মার্চে দুই দফায় লিটারপ্রতি মোট ১০৭ টাকা বেড়েছিল।

বিইআরসি সূত্র জানায়, দেশের মধ্যে জেট ফুয়েল বিক্রির ক্ষেত্রে দুই দফায় ভ্যাট প্রযোজ্য। এত দিন ১৭ শতাংশ হারে ভ্যাট আদায় করা হলেও এ হিসাব ঠিক ছিল না। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা সংশোধনের বিষয়ে সতর্ক করে। তাই এ মাসে সাড়ে ২২ শতাংশ হারে ভ্যাট ধরে দাম নির্ধারণ করা হয়েছে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে দাম কমলেও ভ্যাটের কারণে দেশের ভেতরে দাম বেড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আক্রমণ চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূত্রপাত হয়। পরে ইরান ওই অঞ্চলের বিভিন্ন দেশে হামলা শুরু করলে তেলসমৃদ্ধ অঞ্চলটির প্রায় পুরোটাজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। দুই পক্ষের হামলায় জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম অস্থির হয়ে ওঠে। পরে যুদ্ধবিরতি শুরু হলে দাম কমতে শুরু করে।

আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসিকে দেওয়া হয়।

২০২৫ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি করে সংস্থাটি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও