সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২১ নভেম্বর) নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এই দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আত্মবিশ্বাস প্রকাশের গুরুত্বপূর্ণ উপলক্ষ। দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সবার নিজ নিজ দায়িত্বের কথাও এ দিন স্মরণ করিয়ে দেয়।
সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও তাঁরা এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ওই দিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে।
তাঁর ভাষ্য, সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয়ের পথ সুগম করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

