রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাড্ডায় চাঁদাবাজ রিয়াদের আরেকটি বাসায় মিললো নগদ ৩ লাখ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদের আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছে পুলিশ। ওই বাসাটিতে অভিযান চালিয়ে দুই লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে রিয়াদের একাধিক বাসার তথ্য পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে নগদ দুই লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।

গত ২৯ জুলাই রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে চারটি চেক উদ্ধার করে পুলিশ। চেক চারটিতে মোট সোয়া দুই কোটি টাকা লেখা ছিল। ঢাকায় রিয়াদের এরকম আরও একাধিক ভাড়া বাসা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোয়া দুই কোটি টাকার চারটি চেক রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চেকগুলোতে চেক প্রদানকারী ট্রেড জোনের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের সই রয়েছে।

পুলিশ সূত্র জানায়, চেক চারটি জনতা ব্যাংকের। দুটি চেকে এক কোটি করে দুই কোটি, একটি চেকে ১৫ লাখ এবং অন্যটিতে ১০ লাখ টাকার পরিমাণ লেখা আছে। তবে চেকে কোনো তারিখ উল্লেখ নেই। ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছে ট্রেড জোন নামে। ট্রেড জোনের স্বত্বাধিকারীর নাম আবুল কালাম আজাদ।

বুধবার (৩০ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় পৃথক একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও