চট্টগ্রামের কর্ণফুলী থানার চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. আজিজ মিয়া (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ও র্যাব-১৫ এর যৌথ অভিযানিক দল। তিনি বান্দরবানের আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং পাড়ার নুরুল হকের ছেলে।
র্যাব জানায়, নিহত কুলসুমা বেগম (৪০) পেশায় ছিলেন একজন গার্মেন্টস কর্মী। গত ৩০ জুলাই কর্মস্থল থেকে ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে আজিজ মিয়া ইট দিয়ে কুলসুমার মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যান।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কর্ণফুলী থানায় আজিজ মিয়াকে এজাহারনামীয় আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বান্দরবানের লামা থানা এলাকায় অভিযান চালিয়ে আজিজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

