কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি লোহার দানবাক্স খুলে পাওয়া গেছে ৩২ বস্তা টাকা।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়, যা চার মাস ১৮ দিন পর খোলা হলো।
সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার বিরতির কারণে অতিরিক্ত দুটি দানবাক্স বসানো হয়েছিল। গণনায় অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ।
বিপুল নিরাপত্তায় এ কার্যক্রম সম্পন্ন হয়; দায়িত্বে ছিলেন পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা।
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। এবারের গণনার কার্যক্রমের তদারকি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ। জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

