চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
ধীরে ধীরে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী স্থানীয়দের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে।
দুপুর ১টার দিকেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। একদল শিক্ষার্থী লাটিসোটা নিয়ে বাচার দোকান এলাকায় অবস্থান নেয়, অপরপক্ষ লন্ডনি বিল্ডিং এলাকায় জমায়েত হয়। তবে ঘটনার সময় কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
এর আগে শনিবার গভীর রাতে একই এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডির দুই শিক্ষকও রয়েছেন।
পুনরাবৃত্ত সংঘর্ষে চবি ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

