রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ফুঁসে ওঠা: বোয়ালখালীতে বিক্ষোভ

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে যৌন হয়রানির অভিযোগে হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা।

- Advertisement -

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রাও আন্দোলনে যোগ দেন।

দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হাকিম অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, শরীরচর্চা বিষয়ের শিক্ষক নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে, কোচিং সেন্টারে এবং কখনো বাসায় ডেকে নিয়ে ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন।

প্রাক্তন শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, “নুরুল ইসলাম বহুদিন ধরে ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। ভুক্তভোগীরা লোকলজ্জার ভয়ে এতদিন চুপ ছিল। আমরা চাই তাকে অবিলম্বে বরখাস্ত করে আইনের আওতায় আনা হোক।”

অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক নুরুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষকের যোগসাজশে কয়েকজন শিক্ষক মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। এর আগেও আমার নামে ফেসবুকে অপপ্রচার করা হয়েছিল, এজন্য থানায় সাধারণ ডায়েরি করেছিলাম।”

প্রধান শিক্ষক নুরুল হাকিম বলেন, “শিক্ষার্থীরা যে অভিযোগ এনেছে তা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেব। এজন্য ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও