বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ ইতোমধ্যে তারেক রহমানের প্রতিটি স্বপ্নে নিজেদেরকে দেখতে পাচ্ছে। এসব স্বপ্নের মধ্যে সবচেয়ে বড় অঙ্গীকার হলো কর্মসংস্থান।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে দায়িত্ব নেওয়ার প্রথম ১৮ মাসে এক কোটি নতুন চাকরির ব্যবস্থা করা হবে। শুধু চাকরি নয়, দেশে-বিদেশে ব্যবসা ও কর্মসংস্থানের বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের আলমাস সিনেমা হলের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আমীর খসরু বলেন, “এখন আমাদের প্রথম কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানাভিত্তিক গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচিত সংসদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়ার কথাগুলো বলা সম্ভব হবে, যা বর্তমানে বলা যাচ্ছে না।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি দেশের মানুষের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করা হবে।
আমীর খসরু বলেন, “রাজনীতির গণতন্ত্রায়ণের পাশাপাশি অর্থনীতিকেও গণতন্ত্রায়ণ করতে হবে, যাতে প্রত্যেক মানুষ উন্নয়নের অংশীদার হতে পারে এবং জীবনমান উন্নত করতে পারে।
তিনি সতর্ক করে বলেন, “নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার মানে হবে জনগণের মালিকানা কেড়ে নেওয়া। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
র্যালিটি আলমাস সিনেমা হল থেকে শুরু হয়ে কাজীর দেউরী, জুবলী রোড, এনায়েত বাজার, তিনপুলের মাথা হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপি নেতা শামসুল আলম প্রমুখ।
এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন এবং অংশগ্রহণ করেন।

