রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডাইনিংয়ে মরা মুরগি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ম্যানেজারকে দিল থানায়

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের ডাইনিংয়ে মরা মুরগির মাংস ও পচা মাছ রান্নার সময় হাতেনাতে আটক হয়েছেন ডাইনিং ম্যানেজার ও রাঁধুনি। পরে আবাসিক শিক্ষার্থীরা জব্দকৃত মরা মুরগির মাংস ও মাছসহ তাদের নিউমার্কেট থানায় সোপর্দ করে।

- Advertisement -

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, গত এক সপ্তাহ ধরে ডাইনিংয়ে মরা মুরগির মাংস খাওয়ানো হচ্ছিল। খাওয়ার সময় দুর্গন্ধ পেলেও অভিযোগ আমলে নেননি ম্যানেজার। বরং ভালো মাংসের সঙ্গে মরা মুরগির মাংস মিশিয়ে রান্না করা হতো। কয়েকদিন পর্যবেক্ষণের পর মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা মরা মুরগি ও পচা মাছসহ ম্যানেজার ও রাঁধুনিকে ধরে ফেলে।

এক শিক্ষার্থী বলেন, “খাওয়ার সময় মাংসে তীব্র দুর্গন্ধ পাই। পরে দেখি মাংসে জমাট রক্ত লেগে আছে। এতে আমরা নিশ্চিত হই যে আমাদের মরা মুরগি খাওয়ানো হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সবাই মিলে হাতেনাতে ধরি।”

আটক হওয়ার পর ম্যানেজার সেলিম নিজের ভুল স্বীকার করে বলেন, “আমার ভুল হয়েছে, আর কখনো হবে না।”

দক্ষিণ ছাত্রাবাসের প্রভোস্ট আনোয়ার মাহমুদ জানান, শিক্ষার্থীরা আগেও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল। আজ হাতেনাতে ধরা পড়ায় পুলিশকে জানানো হয়েছে। মরা মুরগি ও পচা মাছ পরীক্ষার পর ভোক্তা অধিকার কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেবে।

সর্বশেষ

এই বিভাগের আরও