বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র প্রদানে সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিরে আসার বিষয়টি তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্ত। তবে যখনই প্রয়োজন হবে, তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখব।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ঢাকার পক্ষ থেকে যে অনুরোধ পাঠানো হয়েছিল, সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “এ বিষয়ে এখনো দ্বিতীয় কোনো অনুরোধপত্র পাঠানো হয়নি।
নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে।
তিনি বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে নতুন কোনো তথ্য নেই। বিষয়টি নির্বাচন কমিশন তত্ত্বাবধান করছে।”

