চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সাহেদ (২৪)। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত পিতা হলেন নুরের জামান (৬০)।
নিহতের মা কামরুর জাহান বেগম জানান, তার স্বামী নুরের জামান দ্বিতীয় বিয়ে করেছেন বলে খবর পান। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে নুরের জামান উত্তেজিত হয়ে পরিবারের সদস্যদের উপর ছুরি নিয়ে হামলা চালান। এক পর্যায়ে মাকে রক্ষা করতে এগিয়ে আসলে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেন।
নিহতের খালা নুর জাহান বেগম বলেন, “আমার বোনের স্বামী দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে পারিবারিক ঝগড়া শুরু হয়। তখন সাহেদ মাকে রক্ষা করতে গেলে নিজের বাবার হাতে খুন হয়। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। ঘটনার পর সাহেদকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আর্যরাজ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই সাহেদ মারা যান। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, “পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।” মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

