চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫) ও তাঁর পুত্রবধূ শামিমা আকতার (৪০)। তারা দোহাজারী থেকে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট মোহাম্মদ জিয়া বলেন, “ঈগল পরিবহনের একটি বাস দুইটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।”
আহত আটজনকে প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করেছে বলে জানিয়েছে।

