চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে একসঙ্গে চারটি শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া এই শিশুদের মধ্যে দুইজন ছেলে ও দুইজন কন্যা।
অপারেশনে নেতৃত্ব দেন চমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিটের প্রধান ডা. তাসলিমা বেগম। তিনি জানান, এটি একটি কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। অর্থাৎ একইসঙ্গে চারটি সন্তান গর্ভধারণ করেছিলেন মা। নানা জটিলতা পেরিয়ে সফলভাবে সন্তান জন্ম দিয়েছেন তিনি।
ডা. তাসলিমা আরও বলেন, প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক। চার নবজাতকের জন্মের পর তাদের ওজন স্বাভাবিকের তুলনায় কম পাওয়া গেছে। শিশুদের মধ্যে একজনের ওজন ১.৪ কেজি, আরেকজনের ১.৩ কেজি এবং দু’জনের ১.২ কেজি করে। সাধারণত সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হয়।
তবে মা ও চার নবজাতক বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। শিশুদের পর্যবেক্ষণের জন্য হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে। প্রসূতিকে গত দুই মাস ধরে চমেক হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। তবে মায়ের নাম প্রকাশে অনিচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ এপ্রিল চমেক হাসপাতালে ফেনীর গৃহবধূ নাহিদা আক্তার রিক্তা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। এর মধ্যে তিন কন্যা ও দুই ছেলে ছিল। এছাড়া গত ১০ মে নগরের একটি বেসরকারি হাসপাতালে কক্সবাজারের গৃহবধূ মরিয়মের গর্ভ থেকে জন্ম নেয় ছয় সন্তান—পাঁচ কন্যা ও এক ছেলে।

