সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গ্রহণযোগ্য নির্বাচনই এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন: দুদু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের আজকের করুণ পরিণতি হতো না।

- Advertisement -

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।

শামসুজ্জামান দুদু বলেন, “বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এই প্রত্যাশায় গত ১৬-১৭ বছরে আন্দোলন-সংগ্রামে বহু তরুণ প্রাণ দিয়েছে, লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় অনেকে নির্বাসিত জীবন কাটাচ্ছে।”

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন, চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছেন বলেও অভিযোগ তোলেন দুদু।

হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন,“ তারা যদি আবার ষড়যন্ত্র করে, নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই নির্বাচনের মাধ্যমেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে।

আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন বলে আশা প্রকাশ করে দুদু বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক, মৎস্যজীবী দল নেতা ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দল নেতা আব্দুর রাজী ও ছাত্রদল নেতা শামীম আখন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও