রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস-শৃঙ্খলাভঙ্গের দায়ে মিরসরাইয়ে ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

সাফায়েত মেহেদি

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -

বহিষ্কৃতরা হলেন— মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের কোনো অপকর্মের দায়ভার দল নেবে না। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হলো।”

তবে বহিষ্কৃত নেতা ইনজামামুল হক ইমন অভিযোগ করেন, “এই বহিষ্কারাদেশ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এতে তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা জানান, গত রোববার সকালে নিজামপুর কলেজে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দমদমা এলাকায় এক শিক্ষার্থীকে ধরে আনার জেরে ছাত্রদলের দুই গ্রুপ মুখোমুখি হয়। সন্ধ্যায় সংঘর্ষে রূপ নিলে বাজি ও ল্যাঞ্চার ব্যবহার করে হামলার অভিযোগ ওঠে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, ওই সংঘর্ষের ঘটনাকেই কেন্দ্র করে উত্তর জেলা ছাত্রদল তিন নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও