বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের একমাত্র গ্রহণযোগ্য পথ হলো নির্বাচন।
রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, “মহলবিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য তারা মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি তুলে নির্বাচন প্রলম্বিত করতে চাইছে। কিন্তু যারা এসব করছে, তারা বোকার স্বর্গে বাস করছে।”
তিনি বলেন, সহসাই দেশে একটি নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট ও সরকার গঠন করতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই।
বিএনপির এই নেতা আরও বলেন, “আগামীর দিন জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া দেশের কোনো বিকল্প নেই। ১৬ বছর ধরে মানুষ অধিকার আদায়ের সংগ্রাম করছে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন।”
তিনি দাবি করেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সরকারকে সমর্থন দিয়েছে। তাই স্বল্পসময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার আহ্বান জানান।
দুদু হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ মনে করে নির্বাচন ছাড়াই জনগণের ওপর কিছু চাপিয়ে দেওয়া যাবে, তবে তা গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত।”
তিনি অভিযোগ করেন, কিছু কালো শক্তি বিদেশে বসে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা চালিয়ে গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করতে পারে। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

