খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারির মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলার রামেসু বাজারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি দোকান ও পাশের বসতঘর পুড়ে যায়।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
স্থানীয়রা জানান, বাজারে আগুন দেওয়ার পরপরই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাজারের দোকানপাটে ভয়াবহ আগুন জ্বলছে। জানা গেছে, বাজারের দোকানিদের অধিকাংশই পাহাড়ি জনগোষ্ঠীর। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে সকাল থেকে ‘জুম্ম ছাত্র জনতা’ সড়ক অবরোধ করে। তখন আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের রাস্তা ছাড়ার অনুরোধ জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলির শব্দ শোনা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কয়েকজন আহত হন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

