রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে যুদ্ধের হুমকি ভয়ংকর গেম প্ল্যান: রিজভী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামি একটি ভয়ংকর নীলনকশার মধ্যে রয়েছে। ভারতের সঙ্গে যুদ্ধের ঘোষণা আসলে রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

- Advertisement -

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, খাগড়াছড়িতে হঠাৎ অশান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে বড় ধরনের মাস্টার প্ল্যান থাকতে পারে।

তিনি আরও দাবি করেন, অভ্যুত্থানের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে জামায়াত-শিবির কর্মীদের বসানো হয়েছে। তাদের অধীনে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে কি না—সেই শঙ্কা রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত ভারসাম্য হারিয়ে ফেলেছে। তাদের নাম ও রূপ পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না। নাম দেখে মনে হয়, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের শাখা রয়েছে—বাংলাদেশ তার একটি।

ভারতের বিরুদ্ধে ৫০ লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, “তাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। ক্ষমতার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।”

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, “উৎসব কখনও বিভাজন করে না। উৎসব মানুষে মানুষে সৌহার্দ্যের বার্তা দেয়। ধর্ম আলাদা হলেও জাতিসত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন—সবাই আমাদের। সেখানে ধর্মের কোনো দেয়াল নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সম্প্রীতির শিকড় এত গভীরে যে সহজে উপড়ে ফেলা যায় না। নানা ষড়যন্ত্র হলেও সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত ব্যর্থ হচ্ছে।”

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও