অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, বহু কাল ধরে সকল ধর্মমতের মানুষের সম্মিলনে দুর্গোৎসব উদযাপিত হয়ে আসছে। সনাতনীদের জন্য এটি পূজা হলেও সমাজের জন্য এটি উৎসব। দীর্ঘ উৎসবকাল নিরবিচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজ সার্বিকভাবে লক্ষ্য রেখেছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কচিকাঁচা শিল্প গোষ্ঠী পূজামণ্ডপ ও শ্রীরামকৃষ্ণ-সারদা সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, বৈষম্য, বিভাজন কিংবা খণ্ডবিখণ্ড ব্যতিরেকে আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাঙালিরা অত্যন্ত সংবেদনশীল ও মানবিক। এই মানবিক দিকটি তুলে ধরে আমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে। শিক্ষা, অর্থনীতি ও ন্যায়বিচার—সবকিছু সমানভাবে ভোগ করতে পারলেই সমৃদ্ধ জীবন গড়া সম্ভব।
পূজায় আগত ভক্ত ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি আরও বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার, মো. সোহানুর রহমান সোহাগ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সাগর মিত্র, বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক দিবাকর বড়ুয়া ও সদস্য সচিব রাহুল ধর।

