শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

খাট, বালতি না ফুটবল—কোন প্রতীকে খেলবে এনসিপি?

শাপলা প্রতীক না পাওয়ায় এবার নতুন প্রতীকের সন্ধানে নামতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশন (ইসি) তাদের জন্য দিয়েছে ব্যতিক্রমী এক তালিকা—যেখানে রয়েছে খাট, থালা, বেগুন, বালতি, উটপাখি, ঘুড়ি, ফুটবলসহ মোট ৫০টি প্রতীক।

- Advertisement -

আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব প্রতীকের মধ্য থেকে একটি চূড়ান্ত প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। ইতিমধ্যে ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

ইসি সূত্রে জানা যায়, নিবন্ধনের আবেদনপত্রে এনসিপি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চেয়েছিল। পরে সেই আবেদনে পরিবর্তন এনে শাপলার ভিন্ন রূপ—লাল শাপলা বা সাদা শাপলা—প্রতীক পাওয়ার আবেদন জানায়। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী, সংসদ নির্বাচনের জন্য অনুমোদিত ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। ফলে ওই প্রতীক দলটিকে দেওয়া সম্ভব হয়নি।

চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালার অধীনে কোনো দল নিবন্ধন পেলে, তাদের জন্য নির্ধারিত প্রতীক সংরক্ষিত থাকবে। তবে তালিকায় না থাকায় এনসিপিকে বাধ্যতামূলকভাবে নতুন প্রতীক বেছে নিতে হবে।

ইসির প্রদত্ত বিকল্প প্রতীকগুলোর তালিকায় আছে—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জাহাজ, টিউবওয়েল, টেবিল, তবলা, মোরগ, তরমুজ, বাঁশি, কলস, চিংড়ি, থালা, লিচু, দোলনা, প্রজাপতি, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টারসহ আরও নানা প্রতীক।

ইসির এক কর্মকর্তা জানান, “প্রাথমিকভাবে এনসিপির আবেদন গ্রহণ করা হয়েছে। তবে তাদের চাওয়া শাপলা প্রতীক না থাকায় নতুন তালিকা থেকে একটি প্রতীক বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।”

এখন দেখার বিষয়—খাট, থালা না বেগুন—কোন প্রতীককে নিজেদের মুখপত্র বানায় এনসিপি।

সর্বশেষ

এই বিভাগের আরও