সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ রহমান। হামলায় দুই সাংবাদিক রক্তাক্ত হয়েছেন এবং তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করা হয়েছে। গুরুতর আহত হোসাইন জিয়াদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পারভেজ রহমান ক্যাজুয়েলেটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এক যৌথ বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছে।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
সিইউজে নেতারা আরও উল্লেখ করেছেন, রাজনৈতিক নেতাদের প্রশ্রয় পাওয়া এসব সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থতা দুঃখজনক। তারা জানান, সাংবাদিকরা জনগণকে তথ্য পৌঁছে দিতে মাঠে ঝুঁকি নেন, আর তাদের ওপর হামলা সভ্য সমাজে কল্পনাযোগ্য নয়। নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ ঘটনায় চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সাংবাদিক সংগঠনও হামলার নিন্দা জানিয়েছে এবং জড়িতদের শাস্তি দাবি করেছে।
প্রসঙ্গত, সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সঙ্গে সঙ্গে ৫০-৬০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, গাছের টুকরো ও পাথর দিয়ে সাংবাদিকদের আঘাত করে। পরে তাদের জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এছাড়া, ক্যামেরা ভাঙচুর করা হলেও তা পরে আবার ফেলে দেওয়া হয়।

