বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার দাবি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

- Advertisement -

রোববার (৫ অক্টোবর) যৌথ বিবৃতিতে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, গোলাম মওলা মুরাদ এবং সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে দাগি আসামি ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

নেতারা বলেন, সাংবাদিকদের ওপর নগ্ন হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি এবং গণতান্ত্রিক ও সভ্য সমাজে এমন কার্যক্রম মেনে নেওয়া যায় না। হামলাকারীদের কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় যেন না মিলে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিক নেতারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনবে এবং স্থানীয় রাজনৈতিক দলগুলো যথাযথ সহযোগিতা করবে।

প্রসঙ্গত, রোববার সকালে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন। এই সময় দুর্বৃত্তরা সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

সর্বশেষ

এই বিভাগের আরও