চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের মোহনায় ইলিশের প্রজনন রক্ষার জন্য প্রশাসনের অভিযান চালানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। অভিযানটি সাহেরখালি থেকে ডোমখালি পর্যন্ত বঙ্গোপসাগরের মোহনায় অনুষ্ঠিত হয়।
এ সময় দুইটি স্থানে চরঘেরা জাল কেটে ধ্বংস করা হয় এবং ১৫০০ বর্গফুট জাল বিনষ্ট করা হয়। প্রশাসনের উপস্থিতি জানার পর অবৈধ বালু উত্তোলনকারীরা ড্রেজার ফেলে রেখে পালিয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, “চরঘেরা ড্রেজার জব্দ করে অচল করে দেওয়া হয়েছে। পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে। এই ধরনের অবৈধ বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, “মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ডোমখালী মাছঘাট সংলগ্ন সাগর থেকে ১৫০০ বর্গফুট জাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা।”

