রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকারনামা সম্বলিত জুলাই জাতীয় সনদ আগামী ১৫ অক্টোবর স্বাক্ষর করবে দেশের রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের বরাতে জানা গেছে, অনুষ্ঠানের আয়োজন হবে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশনের সভাকক্ষে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।”
সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বিশ্লেষণের ভিত্তিতে শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে।”
সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।
এছাড়া সভায় মাতৃত্বকালীন ছুটি বাড়ানো এবং শ্রমিকদের ব্ল্যাক লিস্ট করা যাবে না— এমন সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

