চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে হিঙ্গুলী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি বিরোধ মীমাংসার জন্য আসর নামাজের পর পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স মসজিদের সামনে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শুরু হওয়ার আগেই বিএনপি কর্মী হুমায়ূনের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ করেছে জামায়াতপন্থীরা।
এ সময় হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার জাহিদ ও কর্মী মাষ্টার জহির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অন্যদিকে, বিএনপি কর্মী হুমায়ূন অভিযোগ করেন, জামায়াত সমর্থিতরা আগে তাদের ওপর হামলা চালায়। এতে ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ এবং তিনি নিজে আহত হন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

