চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার আলোচিত জুবায়ের উদ্দিন বাবু হত্য মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ফারুক (২৪)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গ্রেপ্তার ফারুক স্থানীয় রিয়াজ উদ্দিন উকিল বাড়ির ছবির আহম্মদের ছেলে।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১১ অক্টোবর) ভোরে চান্দগাঁও থানার মৌলভীর পুকুরপাড় রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ফারুককে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকায় ‘স্পোর্টস জোন’ নামের একটি টার্ফ মাঠের উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় আহত হন কয়েকজন, তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় জুবায়ের উদ্দিন বাবু (২৬)-কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুবায়ের বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা ছিলেন এবং সিটি গেট এলাকার একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘর্ষের সময় স্থানীয় আবির রহমান রুবেল ও তার সহযোগীরা মালিকপক্ষের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করে হামলা চালায়।
ঘটনার পর নিহত জুবায়েরের ভগ্নিপতি বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০–৩০ জনকে আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, “অভিযুক্ত ফারুক দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।”

