বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) দুপুরে পুলিশের বাধার মুখে শিক্ষকরা প্রেস ক্লাব এলাকা থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। সেখান থেকেই লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে শহীদ মিনারেই অবস্থান চলবে। জাতীয়করণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এখান থেকেই আমাদের আন্দোলন চলবে।”
তিনি আরও বলেন, “আমাদের শীর্ষ নেতারা ইতোমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনো প্রেস ক্লাবে আছেন, তাদের মিছিলসহ শহীদ মিনারে যোগ দিতে অনুরোধ করছি। এখান থেকেই লাগাতার কর্মসূচি চালাবো ইনশাআল্লাহ।”
অধ্যক্ষ আজিজী হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই শ্রেণিকক্ষে ফিরব।”
অন্যদিকে, প্রেস ক্লাব এলাকায় শিক্ষক নেতাদের সরাতে গিয়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এতে শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ প্রতিরোধের চেষ্টা করলেও, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

