চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক হাজতীর মৃত্যু চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিত হত্যা, তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি স্বাভাবিক অসুস্থতার কারণে মারা গেছেন। নিহত হাজতের নাম আবুল কালাম (৪৫)।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, “রাতে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
তবে নিহতের স্ত্রী গোলজাহান বেগম অভিযোগ করেছেন, “আমার স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এরপর বাদী পক্ষের সঙ্গে যোগসাজশ করে কারাগারের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগেই সে সম্পূর্ণ সুস্থ ছিল। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
সূত্র জানায়, চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গোলাগুলিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আবুল কালাম ছিলেন ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। ঘটনার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

