বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

“তেল বাজারে অস্থিরতা, মন্ত্রীর দাবি— সরকার দাম বাড়ায়নি”

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

- Advertisement -

বাণিজ্য উপদেষ্টা বলেন, “সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের দাম বাড়ানোর কোনো এখতিয়ার নেই। যদি দামের তারতম্য ঘটে, সরকার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে।”

এর আগে গত ১৩ অক্টোবর ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরবিএমএ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা করা হয়। পাঁচ লিটারের বোতলে ২৩ টাকা বাড়িয়ে ৯৪৫ টাকা এবং খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়। এই নতুন দাম ১৪ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

তবে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আগের দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

সর্বশেষ

এই বিভাগের আরও