রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভুল পথে পা, ১১ বছর পর শাস্তি—ইয়াবায় নূরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নগরের বাকলিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৬০ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে আব্দুন নূর নামে এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

- Advertisement -

মঙ্গলবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুন নূর নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার নুরুল ইসলামের ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর রাতে বাকলিয়া থানা পুলিশ মিয়াখাননগর এলাকার বাদামতলী মোড়ের খান মার্কেটের সামনে অভিযান চালায়। অভিযানের সময় আব্দুন নূরের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

আদালতের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এইচএস আবুল হাসান জানান, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

আসামি বর্তমানে জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও