রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপরাধের রাজ্যে পুলিশের হানা—মিরসরাইয়ে ধরা ১৩ অপরাধী

সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে একযোগে বিশেষ অভিযানে হত্যা, চুরি, মাদক ও জুয়া মামলার ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

- Advertisement -

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল রহমান শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, “উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি, পেশাদার চোর ও মাদক ব্যবসায়ীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ দমনে পুলিশ সবসময় তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা মামলার আসামি হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার লাডুচো গ্রামের সরফাত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩)—যিনি স্ত্রী হত্যা মামলায় পলাতক ছিলেন—তাকে গ্রেফতার করে পুলিশ।

চুরি মামলায় খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের শামসুল আলমের ছেলে একরামুল হক (২৮) কে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় অন্তত ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

এছাড়া মাদকবিরোধী অভিযানে মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের কামরুল হাসান বাপ্পি (৩৬), একই গ্রামের নুর উদ্দিন সেলিম (৪০), মধ্যম মিঠানালা গ্রামের মঞ্জুরুল হক রানা (৩৪), মঘাদিয়ার তিনঘরিয়া টোলা গ্রামের স্বপন কুমার দাস (৫০) এবং মিঠানালা ইউনিয়নের দেলোয়ার হোসেন (৫৮)।
অভিযানে তাদের কাছ থেকে ২ লিটার দেশীয় চোলাই মদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

অন্যদিকে, প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে আরও ৬ জনকে আটক করে পুলিশ। তারা হলেন—মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের শাহাদাত হোসেন মামুন (৪৮), নুরুল ইসলাম মনাই (৫৫), রফিকুল ইসলাম (৫০), মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের আবুল কালাম (৪৮), আবু তাহের (৬০) এবং গজারিয়া গ্রামের বাচ্চু মিয়া (৫৬)।

গ্রেফতারকৃতদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও