চট্টগ্রাম নগরের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পালিয়ে গেছেন চীনা নাগরিককে ছুরিকাঘাতে আহত করা ছিনতাই মামলার আসামি ইমাম হোসেন আকাশ (২৯)।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারার মধ্যেই তিনি পালিয়ে যান।
পালিয়ে যাওয়া আসামি ইমাম হোসেন আকাশ আনোয়ারা উপজেলার দিঘীরপাড় বরুমছড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি নগরের বন্দর এলাকার আজাদ কলোনির শাহজাহান বাড়িতে ভাড়া থাকতেন।
সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়ার সময় বন্দর থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় এক পুরুষ ও দুই নারী মিলে পুলিশকে লক্ষ্য করে হামলা করে। তাদের মধ্যে এক নারী পুলিশ সদস্যের পায়ে ছুরি মেরে ইমাম হোসেন আকাশকে ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থল থেকে ওই দুই নারীর একজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করা হলেও চট্টগ্রাম বন্দর জোনের ডিসি আমিরুল ইসলাম, এডিসি মোহাম্মদ জাহাঙ্গীর এবং বন্দর থানার ওসি আফতাব উদ্দিন— কাউকেই ফোনে পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আসামি পালিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”
এর আগে মঙ্গলবার দুপুরে নগরের বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিকের ওপর ছিনতাইয়ের চেষ্টা চালায় তিনজন দুর্বৃত্ত। তারা ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পথচারীরা তখন এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। পরে আহত ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ ও আহত চীনা নাগরিককে পুলিশ উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকেই পালিয়ে যান ওই আসামি।

