সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘বিচার না হলে পরিবর্তন অসম্ভব’—রিজভীর কড়া বার্তা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত সরকারের আমলে যারা সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্বে থেকে মানবতাবিরোধী বা অন্য কোনো অপরাধ করেছেন তাদেরকে সরাসরি ট্রাইব্যুনালে তোলা ও যথাযথ আইন অনুসারে শাস্তি দেওয়া উচিত।

- Advertisement -

এই দাবি তিনি বুধবার (২২ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান।

রিজভী বলেন, “মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে বিএনপিও তাদের সুষ্ঠু বিচার চায়। যারা অপরাধ করেছেন, তাদের শাস্তি হোক যথাযথ আইনের মাধ্যমে।” তিনি আরও অভিযোগ করেন, “ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।”

সংবাদ সম্মেলনে রিজভী দেশের প্রশাসনে ব্যাপকভাবে দলীয়করণের অভিযোগও করেন। তিনি বলেন, “এ দেশের সব ক্ষেত্রে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, তাই প্রশাসনের উচ্চপর্যায়ের অনেক বর্তমান কর্মকর্তকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ৫ আগস্টের পরে অনেকের মানসিক পরিবর্তন হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক হয়নি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কেও রিজভী দলটির পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে।” পাশাপাশি তিনি দলের পলিসি সংক্রান্ত বক্তব্য তুলে ধরে জানান, “বিচার বিভাগ হবে স্বাধীন; আইনের শাসন দলীয়করণ করা হবে না; প্রধানমন্ত্রীর স্থায়ীত্বকাল ১০ বছর হবে—এসবই তারেক রহমানের ঘোষিত নীতি।”

রিজভী আরও বলেন, বর্তমান সরকারের প্রতি তাদের সুস্থ ও সাবলীল যাত্রায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং নানাবিধ ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি দাবি করেন, “বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে, তাদের সরিয়ে দিতে হবে। তারপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না।”

বিজ্ঞপ্তি ও বক্তব্যে রিজভী উদ্বেগপ্রকাশ করেন যে, অতীতে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার ব্যবস্থা নিশ্চিত না করলে দেশের রাজনৈতিক পুনর্গঠন কঠিন হবে। সংবাদ সম্মেলনে অন্যান্য দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন এবং রিজভীর বক্তব্যে সমর্থন জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও