নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশের খসড়ায় পরিবর্তনের বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, এ খসড়ায় কিছু প্রস্তাব দলটির সঙ্গে আলোচনা ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচন সংস্কার কমিশনের আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য হয়েছিল। কিন্তু আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচন কমিশনের যে খসড়া উত্থাপন করা হয়েছে, সেখানে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে, যাতে বিএনপির কোনো সম্মতি নেই।”
তিনি আরও বলেন, “জোটবদ্ধ নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশ নিতে হলে ছোট রাজনৈতিক দলগুলো জোটে আসতে অনাগ্রহী হবে। এতে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের পথে বাধা তৈরি হবে।”
বিএনপির এই শীর্ষ নেতা জানান, দলটি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টাকে চিঠি দেবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আরপিও অধ্যাদেশের জন্য আসা অধিকাংশ সংশোধনীর সঙ্গে আমরা একমত। কিন্তু প্রতীকসংক্রান্ত ধারাটি নিয়ে আমরা একমত হইনি কখনো। নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।”

