রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, রাঙ্গুনিয়ায় অভিযুক্ত গ্রেফতার

উপজেলা প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় স্বামী পরিত্যক্তা এক ভিক্ষুক নারীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. ফারুক (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ

- Advertisement -

বৃহস্পতিবার সকালে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযুক্ত ফারুক পারুয়া ইউনিয়নের হাজারীহাট মুছা কাজীর বাড়ি এলাকার মো. হারুনের ছেলে। বর্তমানে তিনি চন্দ্রঘোনা ৯নং ওয়ার্ড, বনগ্রাম নতুন গ্রাম এলাকায় বসবাস করেন।

ধর্ষণের ঘটনায় সম্প্রতি ভিকটিম এক সন্তান প্রসব করেন। পুলিশি তৎপরতায় আসামি চিহ্নিত হওয়ার ফলে নবজাতকের পিতৃপরিচয় নিশ্চিত হয়েছে। এতে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, ২৫ বছর বয়সী ভিকটিম নারী হাবাগোবা প্রকৃতির সহজ সরল মানুষ এবং স্বামী পরিত্যক্তা। তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত ফারুকের সঙ্গে ভিকটিমের একই পাড়া থাকার কারণে মাঝে মাঝে অর্জিত অর্থ জমা রাখতেন। এ সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

পরে চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ৭ জুন রাত আড়াইটার মধ্যে চন্দ্রঘোনা বনগ্রাম আজিজনগরের একটি পরিত্যক্ত গ্যারেজে ফারুক ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

ভিকটিম অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি স্থানীয় মা মনি ডায়াগনোস্টিক সেন্টারে পরীক্ষা করে চিকিৎসক নিশ্চিত করেন। ইতিমধ্যে কন্যা সন্তান প্রসব করেন ভিকটিম।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, আলোচিত ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়। একটি বিয়ের প্রলোভন, অন্যটি ধর্ষণ।

ইতিপূর্বে একজনকে গ্রেফতার করা হয়েছিল। ধর্ষণ মামলার অভিযুক্ত ফারুককেও গোপন সংবাদে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও