নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ সিদ্ধান্তকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি অভিযোগ করেছেন, ইসি ‘শাপলার কলি’ প্রতীক যুক্ত করে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে সামান্তা শারমিন বলেন, “আমরা ‘শাপলা’ চেয়েছি, দিয়েছে ‘কলি’। এটা প্রতারণার শামিল। এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে আমরা মানসিক চাপে পড়ছি। তোমরা এখনো বাচ্চা—এই মনস্তাত্ত্বিক চাপ দিয়ে কোনো লাভ হবে না। কলি দিতে পারলে, শাপলাও দেওয়া সম্ভব।”
তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘প্রতারণামূলক ও পক্ষপাতদুষ্ট’ বলে দাবি করেন এবং কমিশনকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য এনসিপি নেতারাও কমিশনের সিদ্ধান্তের পুনর্বিবেচনা দাবি করেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত হয় ‘শাপলা কলি’। ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে প্রকাশিত এ গেজেটে বলা হয়, মোট ১১৯টি প্রতীকের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং কোনো প্রার্থী স্থগিতকৃত প্রতীক ছাড়া তালিকার অন্য যেকোনো প্রতীক পেতে পারবেন।
উল্লেখ্য, এনসিপি দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল। দলটির পক্ষ থেকে এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার চিঠি চালাচালি ও বৈঠক হয়। তবে ইসি শেষ পর্যন্ত ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে তালিকা প্রকাশ করায়, নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে এনসিপির মধ্যে।

