সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘অন্তর্বর্তী সরকারই আজকের সংকটের জনক’—মির্জা ফখরুলের অভিযোগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’কে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমান যে সংকট তৈরি হয়েছে, তা এই সরকারই তৈরি করেছে। তারা যে কমিশন গঠন করেছে, সেখানে দীর্ঘ নয় মাস ধরে নানা আলোচনা হয়েছে। ঐকমত্যের বিভিন্ন সংস্কার বিষয়ে আমরা একমত হতে পারিনি।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ নেই।”

তবে কমিশনের কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা নির্বাচনে যাব। আমাদের ইশতেহারে এসব বিষয় তুলে ধরব। যদি জনগণ আমাদের ভোট দেয়, আমরা সরকার গঠন করে এসব পরিবর্তন সংসদে পাস করব।”

এ সময় তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে জনগণকে বিভ্রান্তকারীদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানান।

আলোচনাসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

সর্বশেষ

এই বিভাগের আরও