বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক ঘোষণা করেছে আদালত। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জাতীয় দৈনিক ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় তাদের নাম বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম গত ৩০ অক্টোবর মামলাটি বিবেচনা করে পলাতক ঘোষণার আদেশ দেন। আদালতের নির্দেশে ৩১ অক্টোবর সিআইডি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেছে। মামলায় দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তদন্তে দেখা গেছে, জয় বাংলা ব্রিগেড নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্র চালানো হচ্ছিল।
সিআইডি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করেছে। দ্রুততম সময়ে তদন্ত শেষে চার্জশিটে ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আদালতে উপস্থিতি না থাকায় ২৬১ জনকে পলাতক ঘোষণা করা হয়েছে।
বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, মামলাটি আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অন্তর্বর্তীকালীন সরকারের বিচার এজেন্ডা বাস্তবায়নে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

