নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় ভোক্তা পর্যায়ে নতুন দাম ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্ধারিত হবে অটোগ্যাসের নতুন মূল্যও।
শনিবার রাতে বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর ২০২৫-এর সৌদি সিপি (Contract Price) অনুযায়ী এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা বিকেল তিনটায় প্রকাশ করা হবে।”
এর আগে, গত ৭ অক্টোবর এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ওঠানামা করেছে মোট ১১ দফায়। এর মধ্যে ৪ দফা কমেছে, ৭ দফা বেড়েছে। গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বৃদ্ধি পেয়েছিল।
অন্যদিকে এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে দাম কমানো হয়েছিল এবং ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।
এলপিজির দাম সৌদি আরামকোর ঘোষিত সিপি অনুসারে মাসভিত্তিক সমন্বয় করা হয়। দেশে বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় সরবরাহিত এলপিজির পাশাপাশি বেসরকারি ২৮টি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ করছে।
জ্বালানি বিশ্লেষকরা বলছেন, সৌদি সিপি মূল্যের ওপর নির্ভর করেই বাংলাদেশে মাসিক ভিত্তিতে এলপিজি ও অটোগ্যাসের দাম নির্ধারিত হয়। আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা স্থিতিশীল থাকায় নভেম্বর মাসে বড় ধরনের পরিবর্তন নাও হতে পারে।

