জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে জাতি অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ঢাকা শহরে কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সংক্রান্ত রায় ঘোষণা হবে। তিনি আশা প্রকাশ করেন—রায় যেন আন্তর্জাতিক মানদণ্ডসম্মত ও ন্যায্য হয়।
ফখরুল তার পোস্টে আরও বলেন, “মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।”
পোস্টের সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে একটি পোস্টারও তিনি শেয়ার করেন।
বিএনপি মহাসচিবের মন্তব্যে প্রতিফলিত হয়েছে—রায়ের প্রভাব, রাজনৈতিক পরিবেশ এবং সাধারণ মানুষের প্রত্যাশা। রায় ঘোষণার আগে দেশের পরিস্থিতির দিকেও দৃষ্টি রাখছে রাজনৈতিক মহল ও আন্তর্জাতিক মহল।

