রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘সব প্রস্তুত, ফেব্রুয়ারিতেই ভোট’—স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

- Advertisement -

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে এলে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে শেখ হাসিনার রায়ের পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের সময়সূচি, নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি, সাইবার ক্রাইম, বন্দি প্রত্যর্পণসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও জার্মানি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনের তারিখ জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন যথাসময়েই হবে বলে আশা করা হচ্ছে। তবে নির্দিষ্ট দিন-তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি আরও জানান, নির্বাচন কমিশন যে তারিখই ঠিক করুক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে।

শেখ হাসিনার রায়ের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অস্থিরতা নেই। কেউ পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধের মাত্রা প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ বাড়ছে না—এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে। মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে, যা বিগত ১৫ বছরে ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে’ সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আঞ্জা কেরস্টেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও