সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘দিনের ভোট রাতে হবে না’—তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশের গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অপরিহার্য ও সহায়ক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় দেশে আর রাতের ভোট–দিনের বেলায় ভোট হবে না, মৃত মানুষ এসে ভোট দেবে না। এ ব্যবস্থা গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে নেবে।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আপিল বিভাগের রায়ের পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ সংশোধনী বাতিল বিষয়ে পূর্বের রায় সম্পূর্ণ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত করায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, তাতে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে আগের ব্যবস্থা ফেরত এসেছে এবং তা কার্যকর হবে পরবর্তী সংসদ ভাঙার ১৫ দিনের মধ্যে।

তিনি জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে—আগের ব্যবস্থা চলবে নাকি জুলাই সনদের রূপরেখা অনুসরণ করা হবে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের গঠন কেমন হবে, তা নির্ধারণ করবে পরবর্তী সংসদ।

দেশের বিচারব্যবস্থা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত দেশের মানুষের স্বার্থ, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন রক্ষার দিকটি বিবেচনা করে রায় দেন। কোন রায় পক্ষপাতদুষ্ট আর কোন রায় গণতন্ত্র রক্ষা করে, তা জাতি বিচার করবে।

তিনি জানান, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে আদালত সাংবিধানিক হিসেবেই স্বীকৃতি দিয়েছেন। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদে উল্লেখিত কাঠামো পরিবর্তন সম্ভব কি না—এ প্রশ্নে তিনি বলেন, সময়ের পরিক্রমায় যদি জনগণ মনে করে আরও ভালো ব্যবস্থা প্রয়োজন, তবে সংসদে আলোচনার মাধ্যমে তা পরিবর্তনের সুযোগ থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও