উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ আর নেই।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই কামরুল আহসান পিন্টু তালুকদার।
পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা ও দাফনের বিষয়ে পরিবার জানায়, শুক্রবার বাদ জুমা ভোলার বাংলাবাজার এলাকায় জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশের কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে সকালে ভোলা শহরের তালুকদার বাড়িতে তার মরদেহ নেওয়া হবে।
ভোলার তালুকদার বাড়ির মরহুম মফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে ছিলেন আনোয়ারা আহমেদ। ১৯৬৪ সালে তার সঙ্গে তোফায়েল আহমেদের বিয়ে হয়।

