সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

আতঙ্ক, ধস আর প্রাণহানি—মধ্যাঞ্চল কাঁপিয়ে গেল ৫.৭ মাত্রার ভূমিকম্প

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে বংশালের কসাইটুলি এলাকায় ৩ পথচারী, রাজধানীর মুগদায় একজন নিরাপত্তাকর্মী, রূপগঞ্জে এক শিশু এবং নরসিংদীতে আরও ৫ জন রয়েছেন।

- Advertisement -

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে ৬০৬ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে প্রায় ২০০ জন ভর্তি এবং গুরুতর ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি হাসপাতালেও অনেক আহত রোগী চিকিৎসা নিচ্ছেন।

পুরান ঢাকার কসাইটুলিতে ভবনের রেলিং ভেঙে পড়ে রাফিউল ইসলাম (২০), আব্দুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন (১২) মারা যান। তাদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী।

এ ছাড়া মুগদার মদিনাবাগে নির্মীয়মাণ ভবনের রেলিং ধসে পড়ে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামের ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নরসিংদীতে পৃথক ঘটনায় নিহত হয়েছেন মো. ওমর (৮), তার বাবা দেলোয়ার হোসেন এবং আরও তিনজন—কাজেম আলী ভূঁইয়া (৭৫), ফোরকান মিয়া (৪৫) এবং নাসিরউদ্দিন (৬৫)। শেষজন আতঙ্কে স্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। আবহাওয়া অধিদপ্তর জানায়, উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও