বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে দেশে ‘জেনোসাইডের ঝুঁকি’ তৈরি হতে পারে। তিনি বলেন, “নির্বাচনের দিন গণভোট চাই না। এতে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতে পারে।”
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম পৌঁছে চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি হেলিকপ্টারযোগে প্যারেড মাঠে অবতরণ করেন।
‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তৈরি করতে হবে’
জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। “এটা আমাদের তৈরি করতে হবে। নির্বাচন হতে হবে—নির্বাচন না হলে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।”
তিনি আরও বলেন, জনগণের স্বার্থেই পিআর (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থার দাবি জানানো হচ্ছে। “আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
দিনব্যাপী কর্মসূচি
ডা. শফিকুর রহমান আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাতে তিনি বিমানযোগে চট্টগ্রাম ত্যাগ করবেন।
‘দেশ সৎ নেতৃত্বের অভাবে পিছিয়ে’
তিনি বলেন, “চট্টগ্রামসহ গোটা দেশ সম্পদের লীলাভূমি। কিন্তু জনগণ সেই সম্পদের সুফল পায়নি। দুর্নীতি, অদক্ষতা ও সৎ নেতৃত্বের অভাবে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।”
জামায়াত আমির দুর্নীতি দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “আমাদের যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। নৈতিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থাই হবে উন্নয়নের চাবিকাঠি।”
তিনি বলেন, “দেশের মালিক কোনো পরিবার বা দল নয়—এই দেশের জনগণ। তাদের অধিকার জনগণের হাতেই ফিরিয়ে দিতে চাই আমরা।”

