নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় আরও উন্নতির দিকে যাচ্ছে।
রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
একজন নিরাপত্তা বিশ্লেষকের করা মন্তব্য—বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তায় ‘ক্রান্তিকাল’ পার করছে—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা একজন বিশ্লেষকের ব্যক্তিগত মন্তব্য। তিনি কী যোগ্যতায় বিশ্লেষক হলেন, সেটিও আমার জানা নেই। এখন দেশে অনেকেই নানা বিষয়ে বিশ্লেষক হয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই। তবে নির্বাচন ঘনিয়ে এলে দলগুলোর বিক্ষোভ-মিছিল ও সভা-সমাবেশ বাড়বে, সেটাই স্বাভাবিক।”
দায়িত্ব নেয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি অবস্থায় ছিল জানিয়ে তিনি বলেন, গেল দেড় বছরের চেষ্টায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
ভূমিকম্প ইস্যুতে তিনি বলেন, পৃথিবীর কিছু দেশে আগাম সতর্কতা ব্যবস্থা থাকলেও বাংলাদেশে বর্তমানে এমন কোনো ব্যবস্থা নেই। তবে ১০ সেকেন্ড আগাম সতর্কসংকেত দেওয়ার মতো অ্যাপ তৈরির বিষয়ে ভাবা যেতে পারে বলে জানান।
তিনি পরামর্শ দেন, ভবন নির্মাণে অবশ্যই বিল্ডিং কোড মানা, জলাশয় ভরাট বন্ধ এবং খেলার মাঠ সংরক্ষণ করতে হবে।
ফায়ার সার্ভিস বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত—এ প্রশ্নে তিনি বলেন, “ছোট দুর্ঘটনা মোকাবিলায় তারা প্রস্তুত। বড় দুর্যোগ এলে পরিস্থিতি অনুযায়ী সক্ষমতা নির্ভর করবে।”
ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান সোহেলকে আটকের বিষয়ে তিনি বলেন, ওই সাংবাদিক যে ঘটনাস্থলে গিয়েছিলেন তা সাংবাদিকতার দায়িত্বে নয়।
গত ১৫ বছরে ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দামের দুটি অস্ত্রের রেকর্ড পাওয়া যায়নি—এ বিষয়ে প্রশ্নে তিনি বলেন, “বৈধ অস্ত্র হলে রেকর্ড থাকে। অবৈধ হলে স্বাভাবিকভাবেই রেকর্ড থাকবে না।”

