বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে এগোচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থীও ঘোষণা করেছে—এসব মিলেই দেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী—কোনো ধরনের অস্থিরতা ছাড়াই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ও মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট অনুকূল আছে। এমন কোনো অবস্থা নেই যা নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে।”
বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন প্রসঙ্গে ফখরুল বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল—নদীর মতো বিস্তৃত। এখানে প্রতিটি আসনে ৪-৫ জন করে আগ্রহী প্রার্থী থাকাটা স্বাভাবিক। এতে বোঝা যায় বিএনপি কত বড় রাজনৈতিক সংগঠন।”
সভায় আইনজীবীদের সঙ্গে বিভিন্ন নির্বাচনসংক্রান্ত বিষয়েও আলোচনা করেন তিনি।

