ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বাউল আবুল সরকারের মুক্তি ও শিল্পীদের ওপর হামলার বিচার দাবিতে ঘোষিত প্রতিবাদ সমাবেশ শুরুর আগেই এ হামলার ঘটনা ঘটে।
বুধবার দুপুরে জেলা শহরের কোর্ট চত্বরে হামলা হয় বলে নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান।
তিনি জানান, এ ঘটনায় অন্তত দুইজন বাউল শিল্পী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সারোয়ার আলম খান বলেন, ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে দুপুরে চৌরাস্তা মোড়ে বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সমাবেশকে ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়। কিন্তু সমাবেশ শুরুর আগেই কোর্ট চত্বরে একা পাওয়া দুই বাউল শিল্পীকে কিছু উৎসুক জনতা হামলা ও মারধর করে।
ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, বাউল শিল্পীরা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় একটি উশৃঙ্খল গোষ্ঠী মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, “প্রত্যেক মানুষের মতামত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা—এটি অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র নিন্দা জানাই।”
ওসি সারোয়ার আরও জানান, বাউল শিল্পীদের থানায় লিখিত অভিযোগ দিতে অনুরোধ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

